আলমডাঙ্গায় ৯ শিক্ষার্থীর মাঝে ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা সরকারি কলেজে এক অনানুষ্ঠানিক আয়োজনে মুকিম-হাজেরা বৃত্তি প্রদান অনুষ্ঠানে ৯ জন শিক্ষার্থীর মাঝে প্রায় ৮০ হাজার টাকা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোন্দকার হাবিবুল করিম চনচল। প্রধান অতিথি ছিলেন- আলমডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক খন্দকার হামিদুল ইসলাম আজম, সহকারী অধ্যাপক মহিতুর রহমান, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সিনিয়র প্রভাষক ড. মহবুব আলম, প্রদর্শক রাজ, শিক্ষিকা আফরোজা খুশীসহ আরও অনেকে। এ ছাড়া শিক্ষক ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, অনন্য এই ‘মুকিম-হাজেরা বৃত্তি’ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে (জানুয়ারিুমার্চ ২০২৬) স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে মাসিক স্টাইপেন্ড, ভর্তি ফি, পরীক্ষা ফি, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন, টিফিন, পরিবহন ব্যয় ও কোরআন শরীফ ক্রয়সহ বিভিন্ন খাতে সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় বই বিতান লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বই, খাতা, কলম ও স্টেশনারিসামগ্রী যে কোনো সময় সংগ্রহের সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, অক্টোবর ২০২৫ থেকে এই বৃত্তি কার্যক্রম শুরু হয় এবং প্রতি তিন মাস পরপর বৃত্তির অর্থ প্রদান করা হবে। এ বৃত্তির মূল আয়োজক ও অর্থ প্রদানকারী মুকিম-হাজেরা দম্পতির পুত্র অধ্যাপক (অব.) ড. মীর মোনায়েম চৌধুরী এবং প্রধান সমন্বয়কারী ক্যালগেরি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আনিস হক।
বক্তারা বলেন, প্রত্যেক এলাকায় যদি দুই-চারজন মানুষ এ ধরনের সহায়তামূলক বৃত্তি কার্যক্রমে এগিয়ে আসেন, তাহলে অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এ উদ্যোগে আরও উৎসাহী ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।