খাড়াগোদায় ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

তিতুদহ প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা বাজারে একটি ফার্নিচারের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার গভীর রাতে আনুমানিক আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানটি বিএনপি নেতা আলী হোসেনের মালিকানাধীন। আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা থাকলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গোষ্ঠবিহার গ্রামের মৃত তাছের মন্ডলের ছেলে আলী হোসেন দীর্ঘ ২০ বছর ধরে খাড়াগোদা বাজারে ফার্নিচারের ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রতিদিনের মতো সোমবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি যান তিনি। পরে গভীর রাতে বাজার এলাকায় ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে নৈশ প্রহরীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মেশিন সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।

দোকান মালিক আলী হোসেন জানান, অগ্নিকাণ্ডে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, “দোকানের বৈদ্যুতিক লাইন ঠিকঠাক ছিল। কীভাবে আগুন লাগল, তা বুঝে উঠতে পারছি না।”

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।