চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত, অনিয়মে দুই প্রার্থী আটক

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে জেলার কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে অনিয়মের অভিযোগে দুটি কেন্দ্র থেকে দুই পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিবন্ধিত ৮ হাজার ৫৪৯ জন প্রার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৬ হাজার ৭৩৭ জন। ১ হাজার ৮১২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।  জেলার চার উপজেলায় বিদ্যমান ১০৭টি শূন্য পদের বিপরীতে গড়ে প্রতি পদের জন্য প্রতিযোগিতা করেন প্রায় ৬৩ জন প্রার্থী।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী আশিকুর রহমান (রোল: ৬৬১৪১৪৮) নকল এমসিকিউ শিটসহ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেন। বিষয়টি নজরে আসার পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাকে আটক করে পুলিশ হেফাজতে দেন। তিনি দর্শনা সদাবরী গ্রামের ফজলুর রহমানের ছেলে। এছাড়া চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষার্থী উম্মে রুমানা খানম অনিমা (রোল: ৬৬১১৯৬৪) স্মার্ট ওয়াচসহ পরীক্ষাকক্ষে প্রবেশ করায় তাকেও আটক করা হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান জানান, পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক ছিল। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আটক দুজন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নকলমুক্ত ও গ্রহণযোগ্য নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।