রাজু আহাম্মেদ, কার্পাসডাঙ্গা
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের এক অসহায় শিশুর জীবন এখন সঙ্কটাপন্ন। ধান্যঘরা গ্রামের ফকির পাড়ার হকার আলমগীর হোসেনের তিন বছর বয়সী শিশু পুত্র সোলাইমান গরম পানিতে দগ্ধ হয়ে চরম যন্ত্রণায় কাতরাচ্ছে। গত সপ্তাহে সোলাইমান ঘরের ভেতরে খেলার সময় হোঁচট খেয়ে পড়ে গেলে তার ওপর গরম পানির হাঁড়ি পড়ে। এতে ডান হাত, বাঁ কাঁধ ও শরীরের একাধিক অংশ ঝলসে যায়। স্থানীয় চিকিৎসার পর বাবা আলমগীর ছেলেকে নিয়ে ছুটে যান ঢাকার একটি হাসপাতালে। তিন দিন চিকিৎসা নেওয়ার পর আর্থিক অনটনের কারণে চিকিৎসা অসম্পূর্ণ রেখে ফিরে আসতে বাধ্য হন।
অসহায় আলমগীর হোসেন বলেন আমার ঘর নেই। ভাইয়ের দেওয়া একটি ঘরে থাকি। ছেলে আর স্ত্রীকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরছি। শুধু চাই আমার ছেলেটা যেন বেঁচে যায়। কেউ যদি একটু সাহায্য করতেন। এখন সোলাইমান বাড়িতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে। প্রতিদিন তার যন্ত্রণার চিৎকারে ভেঙে পড়ছে পরিবার।
স্থানীয়রা জানান, শিশুটির চিকিৎসা অত্যন্ত জরুরি। তারা সমাজের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও বিত্তবানদের প্রতি মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।আপনার সাহায্যের একটি হাত হয়তো এই নিষ্পাপ শিশুটিকে জীবন ফিরিয়ে দিতে পারে।
গরম পানিতে দগ্ধ তিন বছরের সোলাইমান বাঁচতে চায়



