দর্শনা অফিস
কনকনে শীতের তীব্রতা থেকে অসহায় মানুষকে রক্ষা করতে রাতের বেলায় দর্শনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন পৌর প্রশাসক শাহিন আলম। গতকাল সোমবার সন্ধ্যা ৭ থেকে গভীর রাত পর্যন্ত দর্শনা হল্ট স্টেশন, বাসস্ট্যান্ডসহ বিভিন্ন মহল্লায় শতাধিক কম্বল বিতরণ করা হয়।
এসময় পৌর প্রশাসক শাহিন আলম বলেন, চুয়াডাঙ্গা জেলায় শীত মৌসুমে প্রায়ই তাপমাত্রা ৮থেকে ৯ ডিগ্রিতে নেমে আসে। এমন পরিস্থিতিতে অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট কিছুটা লাঘব করাই আমাদের লক্ষ্য। সীমিত সামর্থ্যের মধ্যেই শীত নিবারণের জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দর্শনায় অনেক সামর্থ্যবান মানুষ রয়েছেন। আমি সকলের প্রতি আহ্বান জানাই মানবিকতার তাগিদে যেন সবাই শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ান।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন, দর্শনা পৌরসভার সচিব সাজেদুর আলম, প্রধান সহকারী রুহুল আমিন, উচ্চমান সহকারী শাহ আলম, কর নির্ধারক জাহিদুল ইসলাম, হিসাবরক্ষক আরিফিন হোসেন, লাইসেন্স পরিদর্শক মোমিনুল ইসলাম ও কার্য্য সহকারী হারুন অর রশিদ সহ প্রমুখ।
কনকনে শীতে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন দর্শনা পৌর প্রশাসক



