আলমডাঙ্গা অফিস
তন্তবায় শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষের স্বার্থ সংরক্ষণে সমিতিকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সদস্যদের পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদার করে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। গতকাল রবিবার সকাল ১০টার দিকে আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন।
সমিতির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা সমবায় অফিসার আবুল হাশেম, বিশিষ্ট ব্যবসায়ী গোলাম রহমান সিঞ্জুল, সমিতির সাধারণ সম্পাদক আবুল হাশেম, ব্যবসায়ী নওশের আলী ও সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুল ইসলাম। সভায় ব্যবসায়ী আনিসুর রহমান, গোলাম মোস্তফাসহ সমিতির প্রতিনিধিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, তন্তবায় শিল্পের উন্নয়ন, সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধান এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের স্বার্থ রক্ষায় সমিতির ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান তারা। সভায় সমিতির চলমান কার্যক্রম, সদস্যদের বিভিন্ন সমস্যা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এতে ছয়টি সমিতির মোট ৭৮ জন সদস্য উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা কেন্দ্রীয় তন্তবায় শিল্প সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত



