স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিএম তারিক উজ জামানের সভাপতিত্বে সমন্বয় সভায় গত মাসের কার্যবিবরণী উপস্থাপন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগর দে। সভায় স্বাস্থ্যসেবা, প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় এনজিওর নিজস্ব কার্যক্রম নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন কারিতাস বাংলাদেশ, সুবর্ণ মানব কল্যাণ সংস্থা ও শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি। এই তিনটি এনজিওর কার্যক্রমসমূহ নিয়ে সভায় প্রেজেন্টেশন উপস্থাপন ও মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
শিরোপা ডেভেলপমেন্ট সোসাইটি জানায়, ২০০৫ সালে তাদের এই এনজিওটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে তারা ১৬টি গ্রেডে জেলা ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছে। তাদের অর্থায়নে রয়েছে বাংলাদেশ ব্যাংক ও কমার্শিয়াল ব্যাংক। তাছাড়া পিকেএসএফ এর আওতায় নানা রকমের প্রকল্প বাস্তবায়ন করে থাকে। বর্তমানে চুয়াডাঙ্গা জেলায় ২১০ জনকে নানান রকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম তারিক উজ জামান বলেন, মাইক্রো ফাইন্যান্সের পাশাপাশি জেলায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ড আপনারা পরিচালনা করে থাকেন। যে সকল এনজিও সমূহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার স্বার্থে কাজ করে আমরা তাদের সাথে আছি। আজকে তিনটি এনজিও তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করেছে আমরা চাই প্রতিটি মিটিংয়ে পর্যায়ক্রমে তিনটি করে এনজিও তাদের প্রেজেন্টেশন উপস্থাপন করবে। জিও এবং এনজিও যৌথভাবে দেশের উন্নয়ন করতে হবে। বর্তমানে ডেঙ্গুর উপদ্রব বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধের বার্তাটা আপনারা মানুষের মাঝে পৌঁছে দিবেন। আমরা নিজেদের পরিবেশকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। যাতে করে আমাদের রোগবালাই কম হয়। অধিকাংশ এনজিওই নানান রকমের উঠান বৈঠক করে থাকে। আমরা চাই উঠান বৈঠকের মাধ্যমে আপনারা জনসচেতনতা গড়ে তুলুন। দেশের উন্নয়নে প্রশাসনের পাশাপাশি এনজিওর ভূমিকা ও অধিক গুরুত্বপূর্ণ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, ব্র্যাকের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়কারী মানিক ম্যাক্সিমিলিওন রুগ্গা প্রমুখ।



