স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুরে পদ্মবিলা ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয়ে ব্যাংকের প্রধান ফটকের সামনে আগুন ধরে যায়। তবে নৈশপ্রহরীর তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে শাখাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে সরে যায়। এ সময় ব্যাংকের প্রধান দরজার সামনে আগুন জ্বলে উঠলে বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।
গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্টাচার্য জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবক ব্যাংক লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা ছুড়েছে। এর মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজায় বিস্ফোরিত হয়, আরেকটি সিড়ির পাশে বিস্ফোরিত হয়। বাকি দুটি বিস্ফোরিত হয়নি। বিস্ফোরণের পর আগুন ধরে গেলে নৈশপ্রহরী তা দ্রুত নিভিয়ে ফেলেন। এ ঘটনায় পুলিশ ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। বর্তমানে শাখাটির কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ব্যাংক লক্ষ্য করে পেট্রোল বোমা জাতীয় বস্তু নিক্ষেপ করা হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।



