স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির (মহুরার) বার্ষিক নির্বাচন-২০২৭ সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মোখলেছুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে মমিনুল হক । গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতির তৃতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ভবনে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৪৭ জন। তাদের মধ্যে ১৩৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে দুটি ভোট বাতিল ঘোষণা করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থীরা নির্বাচিত হন। অন্যদিকে বাকি পদগুলোতে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সভাপতি পদে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় মোখলেছুর রহমান ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিয়ার রহমান পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থীর মধ্যে মমিনুল হক ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল হোসেন পেয়েছেন ৪৪ ভোট। অপর প্রার্থী নাজিম উদ্দীন পেয়েছেন ৯ ভোট। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল আলম, দপ্তর সম্পাদক পদে ওবাইদুর রহমান লিপন এবং সদস্য পদে শহিদুল ইসলাম। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আতিয়ার রহমান (২)। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ইকরামুল হক ও শাকিবুর রহমান রাজ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আতিয়ার রহমান বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হয়েছিল। নির্ধারিত সময় সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বেলা ৩টায় শেষ হয়।
এদিকে নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অহিদুল ইসলাম মানি খন্দকার।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির মহুরার নির্বাচনে সভাপতি মোখলেছুর ও সম্পাদক মমিনুল



