ডিঙ্গেদহের বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিকী আহাম্মেদ জোয়ার্দারের ইন্তেকাল

পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের খেজুরা গ্রামের বিশিষ্ট দানবীর, সমাজসেবক ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ সিদ্দিকী আহাম্মেদ জোয়ার্দার (৮৮) আর নেই। গতকাল রবিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খেজুরা গ্রামের মৃত ছামছদ্দিন জোয়ার্দারের ছেলে। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আলহাজ সিদ্দিকী আহাম্মেদ জোয়ার্দার ডিংগেদহ, খেজুরা ও নফরকান্দি গ্রামের মানুষের কাছে ঐক্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি ডিংগেদহ-খেজুরা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক এবং খেজুরা মসজিদ ও কবরস্থান কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সমাজসেবা ও ধর্মীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
মরহুমের পাঁচ ছেলের মধ্যে দুজন যুক্তরাষ্ট্রের নাগরিক এবং একজন অস্ট্রেলিয়ার নাগরিক। তাঁর চতুর্থ ছেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিউরোসার্জন এবং পঞ্চম ছেলে হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। বড় মেয়ে গৃহিণী এবং ছোট মেয়ে যশোরের আদ্-দ্বীন হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর মৃত্যুতে খেজুরা, ডিংগেদহ, নফরকান্দিসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী একজন সমাজসেবক, দানবীর ও অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। রবিবার বাদ এশা খেজুরা জোয়ার্দারপাড়া কবরস্থানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।