আলমডাঙ্গা অফিস
‘বন নেই, নদী নেই, পানি নেই, জীবন নেই’—এই স্লোগানকে সামনে রেখে আলমডাঙ্গায় বিশ্ব নদী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত জিকে ক্যানেলের পাশে যুব ফোরামের উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, যুব ফোরামের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।
যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. আসাদুজ্জামান লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার এসআই আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহবুব আলম এবং যুব ফোরামের উপদেষ্টা মো. আজিজুর রহমান।
বক্তারা বলেন, নদী, পানি, বন ও পরিবেশ রক্ষায় তরুণদের সম্পৃক্ততা বাড়াতে হবে। শুধু জনসচেতনতা তৈরি নয়, নদী ও জলসম্পদ রক্ষায় কার্যকর উদ্যোগও গ্রহণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় নদী ও জলাশয় সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে যুব ফোরামের যুগ্ম সম্পাদক তানিয়া আফরোজ, সদস্য জান্নাতুল ফেরদৌস চুমকি, মাহফুজুর রহমান, সবুজ, তুষার, মুগ্ধসহ সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যুব ফোরামের উদ্যোগে একই দিনে খুলনা বিভাগের ১০ জেলায় নদী ও জলসম্পদ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ব নদী দিবসে আলমডাঙ্গায় যুব ফোরামের র্যালি-মানববন্ধন ও বৃক্ষরোপণ



