আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত এ শোডাউনে উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও ডাউকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও জামজামি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন।
প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হুসাইন বলেন, কোনো দেশে সরকার পতনের পর পালিয়ে যাওয়া শাসকগোষ্ঠীর পুনরায় ফিরে এসে ক্ষমতায় আসার নজির নেই। এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে এবং তাদের ঘরজামাইয়ের আদরে রাখা হবে—এমনটি অকল্পনীয়। কেউ আমাদের ওপর অত্যাচার করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। তিনি শেখ হাসিনার উদ্দেশে বলেন, আদালতে আপনার বিরুদ্ধে রায় হয়েছে। সাহস থাকলে আত্মসমর্পণ করে আদালতে গিয়ে আইনের আশ্রয় নিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র পদপ্রার্থী শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালতবিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর আমীর মাহের আলী এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি বিলাল হুসাইন, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি তরিকুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিভাগের সভাপতি মেহেদী হাসান ও মানবসম্পদ সম্পাদক শফিউজ্জামান মিঠু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের সেক্রেটারি ও বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মামুন রেজা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।