দামুড়হুদা অফিস:
সারাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দামুড়হুদা উপজেলা বিএনপি’র আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিক্ষোভ মিছিলটি দামুড়হুদা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্লোগান দেয় তারা। পরে দামুড়হুদা বাস স্ট্যান্ড কৃষি ব্যাংকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আফজালুল হক সবুজসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে আওয়ামী লীগের অরাজকতা, ককটেল বিস্ফোরণ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।



