স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া এলাকায় জামায়াতে ইসলামের এক কর্মী বিজয়ের আনন্দ উদযাপনের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। ফজলুর রহমান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নুর নগর কলোনিপাড়া এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনের পর সন্ধ্যার দিক থেকে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে। ফলাফলে চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ পারভেজ রাসেল এগিয়ে থাকার সংবাদ পেতে থাকে। এ সংবাদের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে কলোনিপাড়ায় নেতা কর্মিরা বিজয় উদযাপন করছিল। পিতা: নুর ইসলাম এ সময় কলোনী পাড়ার নুর ইসলামের ছেলে দিনমজুর ফজলুর রহমান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত নেতা-কর্মীরা দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এদিকে স্থানীয়রা জানান, নির্বাচনে জামায়াতের পক্ষে সক্রিয় ভূমিকা রাখার কারণে চার দিন আগে বিএনপির কিছু ব্যক্তির সঙ্গে তার বিরোধ ও মারধরের ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চুয়াডাঙ্গা নুরনগর কলোনী পাড়ার মৃত নুর ইসলামের ছেলে ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী, জামায়াতের নিবেদিতপ্রাণ ফজলুর রহমানের ইন্তেকালে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন এ্যাড. মাসুদ পারভেজ রাসেল। ফজলুর রহমান আদর্শ ও ন্যায়ের পথে অবিচল থেকে সংগঠনের জন্য যে ত্যাগ ও শ্রম দিয়েছেন, তা আমাদের জন্য প্রেরণা হয়ে থাকবে। তাঁর এই চলে যাওয়া শুধু পরিবারের জন্য নয়, আদর্শিক অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ তায়ালা তাঁর সকল ত্যাগ ও কুরবানী কবুল করুন, জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবারবর্গ ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিজয়ের আনন্দে হৃদরোগে আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার জামায়াত কর্মীর মৃত্যু



