আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন ধানের শীষের প্রার্থী মাহমুদ হাসান খান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-২ আসনের ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু নিজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান কালে ভোটারদের লম্বা লাইনে তাকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
ভোটদান শেষে কেন্দ্র থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আজ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমার ভোটাধিকার প্রয়োগ করেছি। এটি কেবল আমার ব্যক্তিগত অধিকার নয়, বরং আমাদের গণতন্ত্রের অটুট ভিত্তি। একজন নাগরিক হিসেবে আমার করণীয় পালন করতে পেরে আমি গর্বিত। আমি অত্যন্ত আনন্দিত যে দিনের শুরুতেই সুষ্ঠুভাবে নিজের ভোটটি দিতে পেরেছি। আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের চোখে-মুখে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখতে পাচ্ছি। যদি শেষ পর্যন্ত পরিবেশ এমন শান্তিপূর্ণ থাকে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে আসতে পারেন, তবে ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।