জীবননগর ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিলেন জামায়াত প্রার্থী রুহুল আমিন

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয় ভোট প্রদান করলেন জামায়াত মনোনীত প্রার্থী রুহুল আমিন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নেতা কর্মিদের সাথে নিয়ে ধোপাখালি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে রুহুল আমিন সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে এটাই আমাদের প্রত্যাশা। আমি আমার সাংবিধানিক অধিকার প্রয়োগ করেছি এবং চুয়াডাঙ্গা-২ আসনের সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ভয়ভীতি বা কোনো প্রকার প্রলোভনে না পড়ে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে সঠিক নেতৃত্ব নির্বাচনের ওপর। জনগণের ভোটেই নির্ধারিত হবে আগামী দিনের দিকনির্দেশনা। আমরা বিশ্বাস করি, জনগণ সচেতনভাবে যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বকেই বেছে নেবে। নির্বাচন যেন কোনো ধরনের সহিংসতা, অনিয়ম বা প্রভাবমুক্ত থাকে সেজন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।
যদি জনগণ আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তবে আমি চুয়াডাঙ্গা-২ আসনের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করব। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নৈতিক সমাজ গঠনে আমি প্রতিশ্রুতিবদ্ধ। ইনশাআল্লাহ, জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেকে নিবেদিত রাখব। আমি আশা করি জনগণ তাদের সাংবিধানিক অধিকার স্বাধীন ও নির্ভয়ে প্রয়োগ করতে পারবেন। একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনই দেশ ও গণতন্ত্রের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, ভোটকেন্দ্রগুলোতে যেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।