ঝিনাইদহ অফিস
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঝিনাইদহের চারটি আসনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা শুরু হয়েছে। প্রাপ্ত বেসরকারি ফলাফলে জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে জামায়াতে ইসলামী বিজয়ী হয়েছে এবং একটি আসনে বিজয়ী হয়েছেন বিএনপি।
ঝিনাইদহ-১ আসনে সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান এক লাখ ৭৮ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মতিউর রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
ঝিনাইদহ-২ আসনে বেসরকারি ফলাফলে জামায়াতের প্রার্থী আলী আজম মোঃ আবু বকর এক লাখ ৩১ হাজার ৮৬৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আব্দুল মজিদ পেয়েছেন এক লাখ ৫ হাজার ৬৬৪ ভোট।
ঝিনাইদহ-৩ আসনে জামায়াতের মতিয়ার রহমান এক লাখ ১৮ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মেহেদী হাসান রণি পেয়েছেন এক লাখ ৭৬৫ ভোট।
ঝিনাইদহ-৪ আসনে জামায়াতের আবু তালিব এক লাখ ৩ হাজার ২০০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি থেকে বহিষ্কৃত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৫ হাজার ২০০ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী রাশেদ খান ৫৫ হাজার ৬৭০ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন।
সর্বশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, ঝিনাইদহের চারটি আসনের মধ্যে জামায়াত দুইটিতে জয়লাভ করেছে এবং একটি আসনে এগিয়ে রয়েছে। অপরদিকে একটি আসনে জয় পেয়েছে বিএনপি।
জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত ফলাফল বেসরকারি হিসেবেই ধরে নিতে হবে। একই কথা জানান ঝিনাইদহ জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) তানভির ইসলাম সাগর। জেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান।
এদিকে জামায়াতের নেতৃত্বাধীন জোটের সমর্থকরা চূড়ান্ত ফলাফলের ঝিনাইদহ জেলা প্রশাসকের দপ্তরে অপেক্ষা করছেন। বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসার খবরে তারা মাঝেমধ্যেই উল্লাস প্রকাশ করছেন।


