তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ

তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। দিনভর ভোটারদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে নারী-পুরুষ ভোটারদের দীর্ঘ লাইন চোখে পড়ে। স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে এসে অনেক ভোটার জানান, দীর্ঘদিন পর নির্বিঘ্নে ভোট দিতে পেরে তারা সন্তুষ্ট। ভোটার উপস্থিতি বেশি থাকায় কিছু কেন্দ্রে ভোট দিতে সময়ও লেগেছে বেশি।
বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তবে অনেকেই নির্দিষ্ট কেন্দ্র খুঁজে পেতে সাময়িক ভোগান্তিতে পড়েন। এ সময় আনসার বাহিনীর নারী সদস্যদের সক্রিয় সহায়তা প্রশংসিত হয়। তারা নারী, বৃদ্ধ ও অসুস্থ ভোটারদের সহায়তা করে ভোটকেন্দ্রে পৌঁছে দেন।
নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিতুদহ ইউনিয়নের বড়শলুয়া, বলদিয়া, ছোটশলুয়া, তিতুদহ ও গিরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট ছয়টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১৭ হাজার ৬৩৬ জন। এর মধ্যে প্রায় ১৩ হাজার ৬০০-এর বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ফলাফলে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী—ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেছে।
দিনভর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরাও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করেন। সার্বিকভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভোটার ও সংশ্লিষ্টরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।