স্টাফ রিপোর্টার
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১১ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গতকাল বুধবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু রয়েছে। এছাড়া আরো দুটি অভিযানে গাঁজা ও ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। তবে কোন পাচারকারীকে আটক করা যায়নি।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর নিকট অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে সকাল ৬ টার দিকে মাধবখালী বিওপি’র সীমান্ত পিলার-৭১/৮-এস এর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৩ বোতল ভারতীয় সিরাপ (মাদক) ও ১৪০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।
অপরদিকে গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর নিকট বাঘাডাঙ্গা গ্রামে হাবিলদার মোঃ সাইফুর রহমান-এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৫ জন (পুরুষ) বাংলাদেশী নাগরিক আটক করা হয়।
আটককৃতরা হলো- সুমন মিয়া (৩৫), মোঃ আল মামুন (৩২), রুবেল মিয়া (২৮), মোঃ সোহেল রানা (৩৭) ও রুহুল আমিন (৩৭)। এরা দেশের বিভিন্ন অঞ্চলের বাসিন্দা।
এদিকে এর আগে রাত সাড়ে ১২ টার দিকে শ্রীনাথপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১-এস এর নিকট শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ খলিলুর রহমান এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশের সময় ৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী ও ১ জন শিশু।
আটক পুরুষ সদস্যরা হলো- সুদাংশু বাছার (৭৩), মোঃ মাহাবুল আলম (৩০) ও মানিক মজুমদার (৪৩)। এরা মুন্সিগঞ্জ, ঝিনাইদহ ও কুমিল্লা জেলার বাসিন্দা। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
অবৈধভাবে সীমান্ত পারাপারকারী ১১ বাংলাদেশী নাগরিক আটক, মাদক উদ্ধার



