জীবননগরে বিএনপি নেতা ডাবলু’র প্রথম জানাজা সম্পন্ন
জীবননগর অফিস
সেনা হেফাজতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করা জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বুধবার বেলা ১১টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জেলা প্রশাসকের প্রতিনিধি মো. তরিকুজ্জামান, সার্কেল এসপি মোস্তাফিজুর রহমান, জীবননগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামান এবং জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবির।
বক্তারা অভিযোগ করেন, শামসুজ্জামান ডাবলুকে সেনা হেফাজতে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছে। তারা এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়।
জানাজা নামাজে চুয়াডাঙ্গা জেলা বিএনপি, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী, ব্যবসায়ীসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে চুয়াডাঙ্গার বিশিষ্ট ব্যবসায়ী সহিদুজ্জামান টরিকসহ বিএনপির নেতৃবৃন্দ মরহুম ডাবলুর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম ডাবলুর ছোট ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য গতকাল বুধবার রাতে ইংল্যান্ড থেকে দেশে পৌঁছানোর কথা রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় একই স্থানে দ্বিতীয় জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।



