দর্শনা অফিস
দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দর্শনা রেলবাজার এলাকায় ব্যবসায়ীদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেলবাজারের সব দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা দর্শনা-মুজিবনগর সড়ক অবরোধ করলে গুরুত্বপূর্ণ এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং চরম জনদুর্ভোগ সৃষ্টি হয়।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে চুয়াডাঙ্গা থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ প্রত্যাহার করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রেলবাজার দোকান মালিক সমিতির নেতারা জানান, বিচার সালিশ চলাকালে একদল দুর্বৃত্ত সমিতির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন। নির্ধারিত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তার না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারীদের মধ্যে সংঘর্ষের জেরে রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে দর্শনা থানার ওসি মেহেদী হাসান বলেন, উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের আশ্বাসে দর্শনা রেলবাজারে চার ঘণ্টার অবরোধ প্রত্যাহার দোষীদের গ্রেপ্তারের দাবিতে বন্ধ ছিল দোকানপাট, জনদুর্ভোগ



