অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১৩ নারী-পুরুষ আটক, গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার


অবৈধপথে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১৩ জনকে আটক করা হয়েছে। গত দুই দিনে বিজিবি মহেশপুর সীমান্তে পৃথক ৩টি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এরমধ্যে নারী ৬ জন, শিশু ৪ জন ও পুরুষ রয়েছে ৩ জন। অপরদিকে আরো একটি অভিযানে গাঁজা উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার রাত ৯টার দিকে পলিয়ানপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/১০-আর এর নিকট ছয়ঘড়িয়া গ্রামে হাবিলদার মোঃ মনিরুজ্জামান শিকদারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে শুক্রবার রাত ৯টার দিকে বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৯ আর এর নিকট বাঘাডাংগা গ্রামে হাবিলদার মাসুদ ইলাহীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৫ জনকে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ২ নারী ও ২ জন শিশু। আটক সাজিদুল মন্ডল(১৮), বাড়ী ঝিনাইদহ জেলার মহেশপুর থানায়। গতকাল শনিবার সকাল ৭টার দিকে বেনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬১/১৪-এস এর নিকট বেনীপুর মাঠে নায়েক মোঃ পনির হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ৬ জনকে আটক করা হয়। এর মধ্যে ৪ জন নারী ও ২ জন শিশু। একই দিন বাঘাডাংগা বিওপি’র সীমান্ত পিলার-৬০/৩৭-আর এর কাছে বাঘাডাংগা গ্রামে নায়েক মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো টাঙ্গাইল জেলার বার্তা গ্রামের রাব্বি হোসেন(২১) ও কালিহাতি থানার খরশিলা গ্রামের মোঃ রাব্বি (২৫)। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।