চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
“ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম. তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন টিটিসির অধ্যক্ষ মোছাব্বেরুজ্জামান।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, তথ্য জানা ও পাওয়ার অধিকার মানুষের মৌলিক অধিকারগুলোর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বর্তমান ডিজিটাল যুগে তথ্য মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাচ্ছে। একই সঙ্গে ভুল ও বিভ্রান্তিকর তথ্যও দ্রুত ছড়িয়ে পড়ছে। তাই সঠিক তথ্য নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল হতে হবে। তথ্য অধিকার আইন সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। সরকারি দপ্তরগুলোতে জনগণের তথ্যপ্রাপ্তির সুযোগ আরও সহজ ও স্বচ্ছ করতে হবে। সঠিক তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হলে সরকারি কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে এবং জনগণের সঙ্গে প্রশাসনের দূরত্ব কমবে।
জেলা প্রশাসক আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য দেখেই যাচাই-বাছাই ছাড়া তা প্রচার করা উচিত নয়। তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীলভাবে তা ব্যবহার করতে হবে। অপতথ্য প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার বলেন, তথ্য অধিকার আইন জনগণের তথ্য পাওয়ার অধিকারকে সুসংহত করেছে। জনগণের কাছে প্রয়োজনীয় তথ্য সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ সময় সভায় উপস্থিত সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে মুক্ত আলোচনা করা হয়।
আলোচনা সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক দেবাশীষ কুমার, সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিুকর রহমান, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি ও দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ বক্তব্য দেন। বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির প্রসারের ফলে তথ্যপ্রাপ্তির সুযোগ আগের তুলনায় অনেক বেড়েছে। তবে একই সঙ্গে গুজব, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার প্রবণতাও বাড়ছে। সকল দপ্তরগুলোর নোটিশ বোর্ডে আগে থেকেই তথ্য সরবরাহ করা হলে নতুন করে তথ্য চাওয়ার প্রয়োজন পড়ে না। তাই সরকারি সকল দপ্তর গুলোর অনলাইন তথ্য হালনাগাদ ও নোটিশ বোর্ডে তথ্য প্রদান করা হলে তথ্য চাওয়ার প্রবণতা অনেকাংশই কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সভায় অন্যন্যাদের  মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, সহকারী কমিশনার ভূমি মুহাম্মদ আসিফ হায়দার, সহকারী কমিশনার এস.এম. আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার সাজিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার সেলিম রেজাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।