চুয়াডাঙ্গায় জামায়াতে আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচীতে এমপি রুহুল আমিন পরিবেশ বাঁচাতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে

স্টাফ রিপোর্টার
“বাসযোগ্য দেশ চাইলে গাছ লাগানোর বিকল্প নেই”—এমন আহ্বানের মধ্য দিয়ে  জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা  জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল  শনিবার বেলা  ১২ টায় বেগনগর কিন্ডারগার্টেন স্কুলের পাশের জমিতে  এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী জেলা আমির  মোঃ রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ রুহুল আমিন এমপি বলেন, “আমাদের চুয়াডাঙ্গায় শীত যেমন তীব্র, তেমনি গরমের দিনে মানুষের জীবন অসহনীয় হয়ে উঠে।  ফলে বসবাসের জন্য পরিবেশ ক্রমেই প্রতিকূল হয়ে পড়ছে। নিজের জন্মভূমিকে বৈরী আবহাওয়ার প্রভাব থেকে রক্ষা করতে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে হবে।”  এ লক্ষ্যে  আমরা চুয়াডাঙ্গা  জেলায় ৩০ হাজার বৃক্ষ রোপন করবো।
শুধু গাছ লাগালেই হবে না, গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে ইটভাটার ধোঁয়া ও যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণ, খালগুলোর নাব্যতা ফিরিয়ে আনা এবং জলাশয় ভরাট বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি আরও বলেন, “পরিবেশ বাঁচাতে হলে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছের পরিচর্যা করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য চুয়াডাঙ্গা গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা -১  আসনের এমপি  অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই সামাজিক ও সাংগঠনিক উদ্যোগের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির মাধ্যমে চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় পরিবেশবান্ধব ও উপযোগী গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
এছাড়াও বৃক্ষরোপন কর্মসুচীতে  উপস্থিত ছিলেন  জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান,  জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান,  সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, সমাজ  কল্যাণ সভাপতি  আব্দুল কাদের,  জেলা যুব বিভাগের সভাপতি  নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষযক সম্পাদক দারুস সালাম,  সদর আমীর  মাওলানা  বেলাল  হুসাইন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমির অ্যাড. হাসিবুল  ইসলাম   প্রমুখ। উদ্বোধনী দিনে বিভিন্ন  শিক্ষা  প্রতিষ্ঠানে, ছাদের টবে ও বাড়ির আঙ্গিনায় ২০০ টি বিভিন্ন  জাতের চারা রোপন করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।