স্টাফ রিপোর্টার
মজুরি নিয়ে অসন্তোষের জেরে চুয়াডাঙ্গা বিএডিসি সার গুদামের শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিল থেকে নুরনগর বিএডিসি খামারে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় গুদাম এর দায়িত্বে থাকা উপসহকারী পরিচালক শংকর দাস নামে এক কর্মকর্তাকে মারতে তেড়ে আসে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা ধর্মঘট পালন করে। পরে উর্ধতন কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দেন। বর্তমানে গুদামে সার লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
জানা যায়, মজুরি নিয়ে অসন্তোষে চুয়াডাঙ্গা বিএডিসি সার গুদামে সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা সারসহ অন্যান্য পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ করে দেয়। শ্রমিকদের দাবি ছিল, সারের বস্তা লোড-আনলোডের ক্ষেত্রে নির্ধারিত ন্যায্য মজুরি প্রদান এবং বকশিশের অর্থ থেকে কর্তন বন্ধ করা। এসকল দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করতে থাকেন এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির মত ঘটনা ঘটে। শ্রমিকরা বলেন, বিএডিসি সার গুদাম এর দায়িত্বে থাকা উপসহকারী পরিচালক শংকর দাস তাদের ন্যায্য দাবি আদায়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন। শ্রমিকরা উপসহকারী পরিচালক শংকর দাসের সঙ্গে বাক বিতন্ডায় জড়ান এবং মারমুখি আচরণে তেড়ে যান।
খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হন বিএডিসি কুষ্টিয়ার সহকারী পরিচালক (সার) মহিউদ্দিন মিয়া। তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন। পরে শ্রমিকরা ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরে যান।
মহিউদ্দিন মিয়া বলেন, শ্রমিকদের সঠিক মজুরি দেওয়া হচ্ছিল। তবে শ্রমিকদের পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়েছে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনা করছে। বর্তমানে গুদামের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে, কোনো সমস্যা নেই।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সকালে সার গুদামে শ্রমিকদের ধর্মঘট থাকলেও বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা কাজে ফিরেছেন এবং সার লোড-আনলোড কার্যক্রম চলমান রয়েছে।
শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হওয়ায় সার গুদামে স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে এসেছে।
মজুরি নিয়ে অসন্তোষে চুয়াডাঙ্গা বিএডিসি সার গুদামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল



