আলমডাঙ্গা অফিস
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলমডাঙ্গা উপজেলার হাড়গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার বেলা ১২টার দিকে যুব ফোরামের সভাপতি আসাদুজ্জামান লিমনের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান মাহবুবুর রহমান|
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ফোরামের উপদেষ্টা আজিজুর রহমান এবং হাড়গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক| এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও যুব ফোরামের সদস্যরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন| কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়| পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে সম্মিলিতভাবে বৃক্ষরোপণ করা হয়| এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বৃক্ষরোপণের গুরুত্ব এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়|
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি| বিশেষ করে শিশু ও তরুণদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করার মাধ্যমে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব| কর্মসূচিতে যুব ফোরামের সদস্য বাবু, নাসিম, রাতুলসহ সংগঠনের অন্যান্য সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন| কর্মসূচিটির সহযোগী পার্টনার ছিল মিশন গ্রীন বাংলাদেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ফোরামের সভাপতি আসাদুজ্জামান লিমন|
তিনি বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয় এটি পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব| শিশু ও তরুণদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণের মাধ্যমে একটি সবুজ ও পরিবেশবান্ধব সমাজ গড়ে তুলতে যুব ফোরাম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে| কর্মসূচির মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় জনগণের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং গাছের পরিচর্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হয়েছে|
আলমডাঙ্গায় হাড়গাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুব ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ



