মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যাক্ত অবস্থায় ১০টি ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের ৫টি বক্স উদ্ধার করেছে পুলিশ| গতকাল শনিবার সকাল ১১ টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করার সময় এগুলো দেখতে পেয়ে পুলিশে খবর দেয়|
স্থানীয় সূত্রে জানা গেছে, বেতবাড়িয়া গ্রামের মৃত আবুল মালিথার ছেলে কাঁদো মালিথার জমিতে কাজ করার সময় মাটির নিচে ল্যান্ডমাইন ও ল্যান্ডমাইনের বক্স পাওয়া যায়| পরে খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেগুলো উদ্ধার কাজ অব্যাহত রেখেছে|
স্থানীয়দের ধারণা, ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্প ছিল| সে সময়ের কোনো অবিস্ফোরিত ল্যান্ডমাইন মাটির নিচে পুঁতে রাখা হয়ে থাকতে পারে|
গাংনী থানার (ওসি তদন্ত) শিমুল কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়| বোমা ডিসপোজল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করার পরই উদ্ধার হওয়া বস্তুগুলো সম্পর্কে নিশ্চিতভাবে বলা যাবে|
গাংনীতে পরিত্যাক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি ল্যান্ডমাইনের বক্স উদ্ধার



