আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার বেলগাছী গ্রামে চাচাতো দুই ভাইয়ের বিরুদ্ধে জোরপূর্বক ধানি জমি দখলের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্তরা হলেন বেলগাছী গ্রামের মালিথাপাড়ার ভেকু মালিথার ছেলে রাজু (৩৮) এবং আজিবার মণ্ডলের ছেলে বাবলু রহমান (৪০)।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আজিবার মণ্ডল ও তার ভাই তফেলউদ্দিনের পরিবারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। পরে স্বজনদের উপস্থিতিতে পারিবারিকভাবে জমির ভাগ-বণ্টনের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হয়। তবে দুই ভাইয়ের মৃত্যুর পর পুনরায় ওই জমির মালিকানা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।
প্রবাসী মঞ্জু রহমান, যিনি তফেলউদ্দিনের ছেলে, অভিযোগ করে বলেন, তার বাবার নামে রেজিস্ট্রিকৃত জমি জোরপূর্বক দখল করা হয়েছে। তিনি বিদেশে অবস্থান করায় সেই সুযোগ নেওয়া হয়েছে। তার দাবি, জমিগুলো এক বছরের জন্য চাষাবাদের উদ্দেশ্যে অন্য ব্যক্তির কাছে বন্দোবস্ত দেওয়া ছিল এবং তারা ইতোমধ্যে জমি প্রস্তুতের কাজও সম্পন্ন করেছিলেন। এ অবস্থায় রাজু ও বাবলু দলবল নিয়ে এসে জমি দখল করেন। বাধা দিলে ভয়ভীতি প্রদর্শন ও মারধরের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
মঞ্জু রহমান আরও জানান, বেলগাছী মৌজার আরএস খতিয়ান নম্বর ২৫৯২-এর দাগ নম্বর ১১৮৯৯ এবং আরএস খতিয়ান নম্বর ২৫৯৩-এর দাগ নম্বর ১৬১৩২, ১৬২৫২ ও ১৬৪৪১ তার বাবার নামে ক্রয়কৃত ও রেজিস্ট্রিকৃত জমি। তবে অভিযুক্তরা ফুফুদের জমির দাবি তুলে এসব জমি দখল করেছেন বলে তিনি অভিযোগ করেন।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তাদের ভাষ্য, দীর্ঘদিনের জমি-সংক্রান্ত এ বিরোধ দ্রুত সমাধান না হলে এলাকায় অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
তবে এ বিষয়ে অভিযুক্ত রাজু ও বাবলু রহমানের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্যও তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আলমডাঙ্গার বেলগাছীতে চাচাতো দুই ভাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ



