নাজমুল হক শাওন, আলমডাঙ্গা
কৃষকের সবচেয়ে বড় আস্থার জায়গা সময়মতো কৃষি উপকরণ পাওয়া। বীজ, সেচ ও শ্রমের পাশাপাশি সঠিক সময়ে সঠিক মূল্যে সার না পেলে পুরো মৌসুমের উৎপাদনই হুমকির মুখে পড়ে। অতীতে বিভিন্ন সময় সার সংকট, অতিরিক্ত দামে বিক্রি কিংবা কৃত্রিম সংকট তৈরির অভিযোগে কৃষকদের ভোগান্তির শেষ ছিল না। সেই বাস্তবতা বদলাতে এবার নতুন উদ্যোগ নিয়েছে আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও কৃষি অফিস ।
বিসিআইসি ও বিএডিসির সার বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং কৃষকবান্ধব করতে উপজেলার প্রতিটি ইউনিয়নের জন্য প্রস্তুত করা হয়েছে সমন্বিত সার ডিলার তালিকা। এই তালিকার মাধ্যমে কোন ইউনিয়নে কোন অনুমোদিত ডিলার সার সরবরাহ করবেন, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ফলে কৃষকদের আর বিভ্রান্ত হতে হবে না, একই সঙ্গে অনিয়ম বা কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগও অনেকটাই কমে আসবে বলে মনে করছেন কৃষি অফিস ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫ এবং জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তের আলোকে এই কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। গত ৪ আগস্ট উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি শাহীনুর আক্তারকে অবহিত করা হয়।
সমন্বিত তালিকায় উপজেলার প্রতিটি ইউনিয়নের বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত সার ডিলারদের নাম, প্রতিষ্ঠানের পরিচিতি, দায়িত্বপ্রাপ্ত এলাকা এবং অবস্থান উল্লেখ করা হয়েছে। ফলে কৃষক সহজেই জানতে পারবেন তাঁর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অনুমোদিত ডিলার কে। একই সঙ্গে কোথাও সার সরবরাহে অনিয়ম, মজুত সংকট বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ উঠলে প্রশাসনের পক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়াও সহজ হবে।
সার বিতরণ ব্যবস্থাপনায় তথ্যভিত্তিক এই উদ্যোগ মাঠপর্যায়ে স্বচ্ছতা বাড়াবে। দীর্ঘদিন ধরে কৃষকদের অন্যতম অভিযোগ ছিল, কোথায় সার পাওয়া যাবে বা কোন ডিলার দায়িত্বপ্রাপ্ত—এ বিষয়ে স্পষ্ট তথ্যের অভাব। নতুন তালিকা সেই সমস্যার কার্যকর সমাধান হিসেবে কাজ করবে।
কৃষকদের মতে, আলমডাঙ্গায় ইউনিয়নভিত্তিক সমন্বিত সার ডিলার তালিকা প্রণয়নের এই উদ্যোগ কৃষি কার্যক্রমকে গতিশীল করবে,কৃষকদের আস্থা বাড়াবে এবং সময়মতো সার সরবরাহ নিশ্চিত করে কৃষি উৎপাদন বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে।
এ উদ্যোগের পেছনে কৃষি উন্নয়ন ও কৃষকবান্ধব ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে আসছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সরকারি কৃষি সেবা সহজীকরণ এবং সার বিতরণে শৃঙ্খলা নিশ্চিত করতে তাঁর দিকনির্দেশনা স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
অন্যদিকে, উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, কৃষকদের হয়রানি রোধ এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি জোরদারের নির্দেশনা দিয়ে আসছেন। তাঁর নিবিড় তদারকিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ সমন্বিতভাবে কাজ করায় সার ব্যবস্থাপনায় নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী সার বিতরণ কার্যক্রমকে আরও সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে ইউনিয়নভিত্তিক সমন্বিত ডিলার তালিকা প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে কৃষকরা সহজেই তাদের নিকটস্থ অনুমোদিত ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন। একই সঙ্গে মনিটরিং কার্যক্রমও আরও কার্যকর হবে।
তিনি আরোও বলেন, স্বচ্ছতা, জবাবদিহি ও সমন্বিত ব্যবস্থাপনার এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে আলমডাঙ্গার সার বিতরণ ব্যবস্থা অন্য উপজেলার জন্যও একটি অনুসরণযোগ্য মডেল হয়ে উঠতে পারে।
আলমডাঙ্গায় সার বিতরণে কৃষকের হয়রানি কমাতে ইউনিয়নভিত্তিক সমন্বিত ডিলার তালিকা প্রণয়ন



