দর্শনার প্রয়াত আবু সুফিয়ানের স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত

দর্শনা অফিস
প্রদীপ নিভেছে, আলোর উত্তরাধিকার রয়ে গেছে এই প্রতিপাদ্যকে ধারণ করে দর্শনার শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজচিন্তার প্রেরণাপুরুষ প্রয়াত আবু সুফিয়ানের স্মরণে নাগরিক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে দর্শনা পৌর অডিটোরিয়ামে দর্শনা নাগরিক সমাজের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রয়াত আবু সুফিয়ানের কর্মময় জীবন, সমাজসেবায় অবদান এবং শিক্ষা-সংস্কৃতির বিকাশে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আহম্মেদ আলী, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, শরীফ উদ্দিন, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেনসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, প্রয়াত আবু সুফিয়ান ছিলেন দর্শনার শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার এক নিবেদিতপ্রাণ সংগঠক। তাঁর আদর্শ, কর্ম এবং সমাজকল্যাণে অবদান আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
আলোচনা শেষে প্রয়াত আবু সুফিয়ানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।