আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ২ যুবক গ্রেপ্তার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে আদালতের তাৎক্ষণিক বিচারে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। গত সোমবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘোষবিলা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় আটক করা হয়।
আসামীরা হলেন আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদ আহম্মেদ (২৭) ও একই গ্রামের পান্না আলীর ছেলে রানা হামিদ (২১)  গ্রেফতার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার তাদের চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালতে হাজির করা হলে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।