স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজারে এ্যাড. মাসুদ পারভেজ রাসেলকে এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতের আমীর খবীর উদ্দিন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সংবর্ধিত অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, “প্রত্যেকটি জেলা, পাড়া ও মহল্লায় মাদকের বিস্তার ঘটেছে। নতুন প্রজন্মের অনেক ছেলে-মেয়ে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত হয়ে পড়ছে। এতে শুধু নতুন প্রজন্মই নয়, ধ্বংস হচ্ছে সমাজ ও পরিবার। আমি এ বিষয়ে সংসদে কথা বলেছি। দেশের বাইরে থেকে যে মাদক দেশে প্রবেশ করছে, সেই পথ বন্ধ করতে হবে। পাশাপাশি মাদক মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অল্প সময়ের মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যাচ্ছে। এভাবে মাদক নির্মূল সম্ভব নয়। এমন আইন ও সংবিধান প্রণয়ন করতে হবে, যাতে মাদক অপরাধীরা সহজে জামিনে মুক্তি না পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মফিজুর রহমান জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সাবেক আমীর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী আনোয়ারুল হক মালিক, জেলা ইউনিটের টিম সদস্য আব্দুর রউফ এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ুন কবির ফারাজী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াতের সরোজগঞ্জ বাজার শাখার অর্থ সম্পাদক আমিরুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে কুতুবপুরসহ বিভিন্ন গ্রামে জামায়াত মনোনীত চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী হুমুয়ুন কবীর ফারাজি গণসংযোগ করেন। আসন্ন আগামী উপজেলা নির্বাচনে জনগণের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার আহবান জানান।



