আব্দুর রহমান অনিক, দর্শনা অফিস
একটি গাছ, একটি প্রাণ, একটি সবুজ বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দর্শনায় স্বেচ্ছাসেবী সংগঠন চিরন্তন এর উদ্যোগে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলা। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির মিলগেট চত্বরে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ। উদ্বোধন শেষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন চিরন্তনের আহ্বায়ক সোহাগ মীর।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, পরিবেশ রক্ষা ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সবুজ পরিবেশ নিশ্চিত করার অন্যতম হাতিয়ার। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ রোপণ এবং তার যথাযথ পরিচর্যার দায়িত্ব নেওয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী খন্দকার শওকত আলী, বিএনপি নেতা মুহিদুল ইসলাম, দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক এনামুল হক শাহ মুকুল, নাহারুল ইসলাম মাস্টার, ইকবাল হোসেন, দর্শনা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন রিংকু। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দর্শনা বাউল পরিষদের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও তাঁর দল সংগীত পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
দর্শনায় ৭ দিনব্যাপী বৃক্ষ ও পরিবেশ মেলার উদ্বোধন



