স্টাফ রিপোর্টার
দামুড়হুদা মডেল থানা কম্পাউন্ডে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ সুপার। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে দামুড়হুদা মডেল থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করা হয়।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, চুরি-ডাকাতি প্রতিরোধ, পলাতক আসামি ও সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ এবং যেকোনো অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করার নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার আরো বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ সহযোগী শক্তি। জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রেখে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক কারবার, সন্দেহজনক চলাফেরা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেকোনো অবনতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানায় তথ্য প্রদানের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ্, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিনসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
দামুড়হুদা থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ সুপার



