স্টাফ রির্পোটার
চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের ধুতুরহাট গ্রামে ১১ বছরের এক নাবালিকা শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রানা দাস (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রানা দাস ধুতুরহাট গ্রামের দাসপাড়ার খোকন দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই সোমবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাহাদেব কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্ত রানা দাসকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু ধুতুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। গত ১৯ জুলাই রবিবার সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ির বাইরে খেলাধুলার উদ্দেশ্যে বের হয়। পথিমধ্যে বাদীর চাচাতো দেবরের স্ত্রী শ্যামলী দাস (২০) শিশুটিকে ডেকে নিয়ে আসামী রানা দাসের জন্য ভাতের থালা পৌঁছে দিতে বলে। সে অনুযায়ী শিশুটি খাবারের থালা নিয়ে রানার বসতঘরে প্রবেশ করলে আসামী রানা তার মুখ চেপে ধরে শোবার ঘরের খাটের ওপর নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটির চিৎকার ও কান্নাকাটিতে অভিযুক্ত তাকে ছেড়ে দিলে ঘর থেকে বের হয়ে শিশুটি সমস্ত ঘটনা পরিবারের সদস্যদের জানায়। শিশুর মা বলেন, তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার মানিকদিহি গ্রামের একটি গ্রীস ফ্যাক্টরিতে কাজ করেন। তিনি কাজ শেষে বাড়ি ফিরে তার মেয়ের সাথে ঘটে যাওয়া এই ঘটনার কথা জানতে পেরে দ্রুত থানায় এসে অভিযোগ দায়ের করেন।
মামলার তদন্তকারি কর্মকর্তা চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের এসআই মাহাদেব কুমার জানায়, এজাহার পাওয়ার পরই অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গার ধুতুরহাটে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার, আদালতে সোপর্দ



