পুকুর খননের নামে মাটি বিক্রি, আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ টাকা

আলমডাঙ্গা অফিস:

আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর মাঠে পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটরের চালক এবং মাটি পরিবহনে ব্যবহৃত চারটি লাটাহাম্বার আটক করা হয়।

গতকাল শনিবার  বিকাল চারটায় আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তার গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রীরামপুর মাঠে এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার মাঝিলা গ্রামের মাটি ব্যবসায়ী হাবিবুর রহমান শ্রীরামপুর এলাকায় কয়েকটি পুকুর খননের আড়ালে মাঠের মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছিলেন। দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর ও মাটি পরিবহনে ব্যবহৃত চারটি লাটাহাম্বার জব্দ করা হয়। অনুমতি ছাড়া মাটি কেটে বিক্রির দায়ে মাটি ব্যবসায়ী হাবিবুর রহমানের ভাই হাসিবুলকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরে জরিমানার অর্থ পরিশোধ করলে আটক চালক ও যানবাহনগুলো ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার বলেন, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটার কোনো সুযোগ নেই। পুকুর খননের অনুমতি থাকলেও সেই মাটি বাণিজ্যিকভাবে বিক্রি করা আইনসম্মত নয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।