ঝিনাইদহে বাসে তল্লাশি করে সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’ জব্দ

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করেছে র‌্যাব-৬। গতকাল শনিবার দুপুরে এ অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামিম মুবিন সরকার জানান, শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যশোর রোডে চেকপোস্ট পরিচালনার সময় সাতক্ষীরার শ্যামনগর থেকে চাপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকের মধ্যে ১ কেজি ৫১০ গ্রাম ক্রিস্টাল মেথ (মিথাইল অ্যামফিটামিন) রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা।
র‌্যাব জানায়, জব্দকৃত মাদক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।