স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে ৯ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিশুর নাম আমির হামজা। সে দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের ইব্রাহীম হোসেনের ছেলে।
হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ নিয়ে গত ২৯ এপ্রিল বুধবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন আমির হামজা। তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল শনিবার তার মৃত্যু হয়। সদর হাসপাতালের তথ্য মতে, আইসোলেশন ওয়ার্ড থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ড ভর্তি রয়েছেন ১৭ জন। এ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শিশু আমির হামজার নানী রাশেদা বেগম বলেন, সামান্য কিছু হামের উপস্বর্গ নিয়ে গত বুধবার আমির হামজা কে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের তৃতীয় তলায় তাকে ভর্তি রাখা হয় পরবর্তীতে আবার তাকে নিচ তলায় স্থানান্তরিত করা হয়। আমরা সঠিক জানিনা কি কারনে আমির হামজা মারা গেল। তবে ডাক্তাররা বলছে তার হামের উপসর্গ রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব বলেন, গত বুধবার শিশুটিকে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিভিন্ন কারণে তার স্যাম্পল সংগ্রহ করা যায়নি। আজ শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বর্তমানে হাম উপসর্গ নিয়ে সদর হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি আছেন। হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশু রোগীদের ক্ষেত্রে বিশেষ নজর রাখা হচ্ছে। নিয়মিত চিকিৎসায় অনেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। বর্তমানে হাম একটি বিরূপ আকার ধারণ করেছে তাই সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামে ৯ মাসের এক শিশুর মৃত্যু



