জীবননগরে পুরাতন ব্যাটারি পুড়িয়ে পরিবেশ দূষণ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, এলাকাবাসীর সন্তোষ প্রকাশ

জীবননগর অফিস
জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠের ভেতর অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের পুরাতন ব্যাটারি মজুদ রাখা ও ব্যাটারি পুড়িয়ে এলাকার পরিবেশ দূষণ করার অপরাধে আব্দুর রহমান নামের (৫০) এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাগর দে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বেচাদহ মজমাগঞ্জ এলাকার মিন্না বেপারীর ছেলে আব্দুর রহমান জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রাম সংলগ্ন ফাঁকা মাঠের ভেতর নির্দিষ্ট এরিয়া ঘিরে রেখে অস্থায়ী কারখানা তৈরি করেছিলেন। তিনি সেখানে প্রুচর পরিমাণ পুরাতন ব্যাটারি মজুদ করে সেই ব্যাটারি পুড়িয়ে পরিবেশের ক্ষতিসাধন করছিলেন। এমন অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকালে ওই অস্থায়ী কারখানায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে পরবর্তীতে উক্ত স্থানে এ ধরনের কার্যক্রম পরিচালিত হলে বড় ধরনের শাস্তি প্রদান করা হবে মর্মে সতর্কবার্তা দেওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রায় দেড়মাস ধরে ধোপাখালী গ্রামের বয়ারগাড়ি নামক মাঠের মধ্যে অবৈধভাবে ব্যাটারি তৈরির ফ্যাক্টরি গড়ে উঠেছে। এখানে প্রতিদিন রাতে পুরাতন ব্যাটারির মধ্যে থাকা ক্ষতিকারক শিশা ও এসিড গলানো হতো। এটা থেকে মারাত্মক ও বিষাক্ত দুর্গন্ধ বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। এই চক্রটি বিভিন্ন যায়গায় অস্থায়ী এই অবৈধ ব্যাটারি ফ্যাক্টরি গড়ে তুলে। এলাকার মানুষের তোপের মুখে পড়ে বারবার তারা স্থান পরিবর্তন করে বলে জানা গেছে।
এলাকাবাসি আরও জানায়, বেশকিছু দিন ধরে রাত ১০ টার পরে বাতাসের সাথে মারাত্মক দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়েছে। বিশেষ করে সন্তোসপুর, ধোপাখালী, একতারপুর, উথলী, সেনেরহুদা, মৃগমারী, দেহাটি সহ আশেপাশের গ্রামের লোকজন এই দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে। এই দুর্গন্ধে প্রথমদিকে সবাই আতঙ্কিত হয়ে পড়ে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এই দুর্গন্ধ অনেকটা ক্ষতিকর। এটা মানুষের শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগবালাই সৃষ্টি করে। তাছাড়া অন্যান্য প্রাণীদের জন্য এটা ক্ষতিকর।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট নরেশ চন্দ্র বিশ্বাস, পরিদর্শক মো. নাইম হোসেনসহ জীবননগর থানা পুলিশের একটি টিম।
 প্রসংগত, বেশ কিছুদিন ধরেই রাত ১০টার পর থেকে উথলী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা বাতাসে বারুদ জাতীয় কোনোকিছুর পোড়া গন্ধ পাচ্ছিলেন। কারণ জানতে অনেকেই এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। পরে বিষয়টি নিয়ে আলোড়ন তৈরি হয়। সেখানে অভিযান পরিচালনা করায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।