স্টাফ রিপোর্টার
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে ও নিহত সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশের এস আই জাহানুর আলি বলেন, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামে দুই তরুণ মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছলে মাহিন্দ্র গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পরে। সে সময় সামনের দিক থেকে আসা বালিবোঝায় একটি ট্রাক তাদের চাপা দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশে সদস্যরা মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মোটরসাইকেলের তেল কিনতে গিয়ে ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই কিশোর নিহত



