দামুড়হুদায় চাচার শাবলের আঘাতে ভাতিজা রক্তাক্ত জখম, থানায় অভিযোগ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের তারিনিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার শাবলের আঘাতে ভাতিজা গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার তারিনিপুর গ্রামের ঈদগাহ পাড়ার বাসিন্দা মৃত আসান আলীর ছেলে রিপন হোসেন (৩২) দীর্ঘদিন ধরে তার আপন চাচা হেলা আলী (৫৫), চাচতো ভাই আলামিন (১৯) ও চাচী আমেনা খাতুন (৪৫) এর সাথে জমিজমা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এরই ধারাবাহিকতায় গত সোমবার দুপুর আড়াইটার দিকে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে বাদীর বাড়ির সামনে রাস্তার ওপর অবস্থান নিয়ে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় বিবাদী হেলা তার হাতে থাকা শাবল দিয়ে রিপন হোসেনের মাথায় আঘাত করলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। এ সময় বাদীর স্ত্রী রুনা খাতুন (২৭) তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী রিপন হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ্ উদ্দিন বলেন এ ঘটনায় একটা অভিযোগ পাওয়া গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।