আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় অবৈধভাবে পরিবহনকালে ৫২০ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টা দিকে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম।
জানা যায়, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুর্শা ইউনিয়নের ঈশালমারী গ্রামের সুন্নত আলীর ছেলে আমিরুল ইসলাম ৪৩০ লিটার এবং আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে হাবিবুর রহমান মোহন ৯০ লিটার ডিজেল ক্রয় করে নিয়ে যাচ্ছিলেন। তারা এরশাদপুর চাতাল মোড়ের জিসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ইব্রাহীমের কাছ থেকে এসব ডিজেল সংগ্রহ করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৫২০ লিটার ডিজেল জব্দ করে। একই সঙ্গে আমিরুল ইসলাম ও হাবিবুর রহমান মোহনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আব্দুল্লাহ আল শামীম জানায়, দীর্ঘদিন ধরে বাজারে জ্বালানি তেলের সংকট রয়েছে । অবৈধভাবে চুয়াডাঙ্গা জেলার বাইরে তেল সরবরাহ করছিলেন। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আহসানুল হক শাহীন উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় ৫২০ লিটার ডিজেল জব্দ, দুই ব্যক্তিকে জরিমানা



