রিটের নামে প্রহসন বন্ধ ও অবিলম্বে প্রশাসক নিয়োগসহ নির্বাচনের দাবিতে হাউলী ইউনিয়নে মানববন্ধন

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে দীর্ঘ এক যুগ ধরে নির্বাচন বন্ধ থাকার প্রতিবাদে এবং অবিলম্বে প্রশাসক নিয়োগ ও নির্বাচন অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদের সামনে স্থানীয় ইউনিয়নবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ডে লিখেন রিটের নামে প্রহসন বন্ধ করো এবং হাউলী ইউনিয়ন পরিষদে অবিলম্বে নির্বাচন চাই, প্রশাসক নিয়োগ চাই।
বক্তারা অভিযোগ করে বলেন, সীমানা-সংক্রান্ত জটিলতা ও একের পর এক রিট আবেদনের কারণে প্রায় এক যুগ ধরে হাউলী ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। তারা দাবি করেন, গত ৫ আগস্টের পর এ ইউনিয়ন পরিষদ-সংক্রান্ত কোনো মামলা না থাকলেও সম্প্রতি চারজন ইউপি সদস্য নতুন করে হাইকোর্টে রিট দায়ের করেন। এর ফলে প্রশাসক নিয়োগ ও নির্বাচন কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত হয়ে যায়।
বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ায় উপজেলা প্রশাসন প্রশাসক নিয়োগের প্রস্তুতি নিচ্ছিল। এমন পরিস্থিতিতে নতুন করে রিট দায়ের করায় প্রশাসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে নির্বাচন কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়ে।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন ইউপি সদস্য জাহাঙ্গীর আলম টিক্কা, শাহ তাজ আলম, হুমায়ুন কবির ডাবলু ও রজব আলী সুমন প্রমুখ। তারা অবিলম্বে মামলা প্রত্যাহার করে সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান এবং নির্বাচনী কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ইউনিয়নবাসীর ভাষ্য, দীর্ঘদিন ধরে নির্বাচিত প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ জটিলতার অবসান চেয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।