আলমডাঙ্গা অফিস
বাউলসম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে শনিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী তিরোধান উৎসব। পহেলা কার্তিক থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাধুসঙ্গ ও গ্রামীণ মেলা।
লালন একাডেমির আয়োজনে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। শনিবার বিকেল ৩টায় উৎসবের উদ্বোধন করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সোমবার দুপুরে আলোচনা অনুষ্ঠান ও বাউলদের আপ্যায়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উৎসব শেষ হবে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে লালনভক্ত, বাউল-ফকির ও সাধকরা আখড়াবাড়িতে আসতে শুরু করেছেন। আখড়া প্রাঙ্গণে চলছে সাধুসঙ্গ ও ভাববিনিময়। মরা কালীগঙ্গা নদীর তীরে তৈরি করা হচ্ছে উৎসবের মঞ্চ। পাশাপাশি বসতে শুরু করেছে গ্রামীণ মেলার দোকানপাট।
উৎসবকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমারখালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ সারওয়ার জানান, নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হবে। দর্শনার্থীদের সহযোগিতায় থাকবে গ্রাম পুলিশ, স্বেচ্ছাসেবক দল ও মেডিকেল টিম।
লালন সাঁইয়ের মানবতাবাদী ও অসাম্প্রদায়িক দর্শন স্মরণে প্রতিবছর এ আয়োজনে সমবেত হন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। এবারও সাধুসঙ্গ, মরমি সংগীত ও লোকজ আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে উঠবে ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ি।



