চুয়াডাঙ্গায় ৫ দিনব্যাপী যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় পরিবেশবান্ধব ব্যবসা ও টেকসই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ দিনব্যাপী ‘যুব সবুজ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ’ সম্পন্ন হয়েছে। গত ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত চুয়াডাঙ্গা মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

​ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘Youth Green Entrepreneurship Development Project’-এর আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রজেক্টটি ২০২৫ সালের আগস্ট মাস থেকে চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সদর এবং মেহেরপুর সদর উপজেলায় বাস্তবায়িত হয়ে আসছে।

​সমাপ্ত হওয়া এই নবম ব্যাচের প্রশিক্ষণে চুয়াডাঙ্গার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয় যুব উদ্যোক্তাসহ মোট ২৭ জন (২০ জন নারী ও ৭ জন পুরুষ) অংশগ্রহণ করেন। এ বছর ৫০০ জন তরুণ-তরুণীকে মোট ১৭টি ব্যাচে এই ৫ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

​প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, টেকসই উন্নয়ন, পরিবেশবান্ধব ব্যবসার কৌশল, প্রাণ ও প্রকৃতিকে সুরক্ষিত রেখে কর্মসংস্থান সৃষ্টি এবং সবুজ উদ্যোগ বাস্তবায়নের গুরুত্ব সম্পর্কে বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

​অংশগ্রহণকারী যুব উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই প্রশিক্ষণের লব্ধ জ্ঞান তাদের জীবনের ইতিবাচক পরিবর্তন আনবে। যেকোনো নতুন উদ্যোগ বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে তারা পরিবেশ, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নিরাপত্তা বিবেচনা করে টেকসই কর্মসংস্থান তৈরি করতে পারবেন।

এই প্রকল্পের মূল লক্ষ্য হলো, তরুণ-তরুণীকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সবুজ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, যেন তারা পরিবেশবান্ধব ব্যবসা গ্রহণের মাধ্যমে নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি ও দেশের টেকসই উন্নয়নে বলিষ্ঠ অবদান রাখতে পারেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।