আলমডাঙ্গায় মীর পরিবারের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও পূজা উপহার বিতরণ

আলমডাঙ্গা অফিস


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজা উপহার বিতরণ করেছে মীর পরিবার। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে আলমডাঙ্গায় মীর পরিবারের আঙিনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ অংশ নেন। অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।
আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনীন্দ্রনাথ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মীর মহিউদ্দিনের ছোট ভাই মীর ওলিউদ্দিন লালটু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক ও আলমডাঙ্গা পৌরসভার মেয়র পদপ্রার্থী মীর আসাদুজ্জামান উজ্জ্বল।
এ সময় উপস্থিত ছিলেন মীর মহিউদ্দিনের কন্যা ডা. আদনীন নাহার ও জান্নাতুল নাহার, মীর হাফিজুর রহমান, আলমডাঙ্গা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক পরিমল কুমার ঘোষ এবং আলমডাঙ্গা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাঁধুখা।
অনুষ্ঠানের একপর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাঁদের হাতে পূজা উপলক্ষে উপহার তুলে দেওয়া হয়। এ আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকেরা।
বাংলাদেশের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদ্‌যাপনের আহ্বান জানানো হয়। শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন এবং পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।