কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
কৃষি উৎপাদন বৃদ্ধি ও রবি মৌসুমে সরিষা-মসুরের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে ঝিনাইদহের কোটচাঁদপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় উপজেলার ১ হাজার ৭০০ কৃষক এ প্রণোদনা পেয়েছেন। এর মধ্যে সরিষা চাষের জন্য ১ হাজার ৫০০ জন এবং মসুর চাষের জন্য ২০০ জন কৃষককে বরাদ্দ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শামীম হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি সালাহউদ্দিন বুলবুল সিডল এবং উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক বিঘা জমির বিপরীতে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। অন্যদিকে মসুর চাষের জন্য প্রত্যেক কৃষকে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার।
সংশ্লিষ্টরা জানান, রবি মৌসুমে সরিষা ও মসুরের আবাদ বাড়ানোর পাশাপাশি কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসল উৎপাদনে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য। বিনামূল্যে বীজ ও সার সরবরাহের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা আর্থিকভাবে উপকৃত হবেন। একই সঙ্গে দেশের ভোজ্যতেল ও ডালজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ



