দর্শনা অফিস
কুড়ুলগাছি ইউনিয়নের বদ্দি মোড় এলাকায় এক মালয়েশিয়া প্রবাসীর ওপর হামলা ও অর্থ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। গত রবিবার সন্ধ্যায় মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন হোসেনের কাছ থেকে ৫শত মালয়েশিয়ান রিঙ্গিত ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ভুক্তভোগী হুমায়ুন কিশোরগঞ্জ জেলার শেওড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শামীম হোসেন (২৬) ও রিন্টু (৩০) নামের দুইজনকে আটক করে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের রাজু নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে হুমায়ুনের সঙ্গে মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। দেশে ফেরার পর রাজু পারিবারিক সংকটের কথা উল্লেখ করে হুমায়ুনের কাছ থেকে ৫১ হাজার টাকা ধার নেন। এক মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও তিনি দীর্ঘদিন ধরে তা পরিশোধ না করে নানা অজুহাত দিতে থাকেন।
পাওনা টাকা ফেরত চাওয়ার উদ্দেশ্যে রবিবার রাজুর বাড়িতে যান হুমায়ুন। সেখানে কিছুক্ষণ বসার পর রাজু জানান তার ভাই রানা টাকা বুঝিয়ে দেবেন। পরে রানার ডাকে একটি ঘরে প্রবেশ করলে হুমায়ুনের ওপর হঠাৎ হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, এলোপাতাড়ি মারধর করে তার কাছে থাকা ৫শত রিঙ্গিত ও নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাজু, রানা ও তাদের কয়েকজন সহযোগী জড়িত বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হলে রাতেই অভিযান চালিয়ে আটক করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে দুইজনকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অর্থের মধ্যে কিছু রিঙ্গিত উদ্ধার করা গেছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তার ও অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুড়ুলগাছিতে প্রবাসীকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে দুইজন গ্রেফতার



