দামুড়হুদার হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরিকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার  
দামুড়হুদা উপজেলার হেমায়েতপুর গ্রামে এক স্কুল দপ্তরিকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ ঘটনা ঘটে। আহত হারুন আর রশিদ (৩৯) দামুড়হুদা  উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাব পাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় অজ্ঞাত ব্যক্তিরা ধারালো অস্ত্র দিয়ে হারুন আর রশিদকে কুপিয়ে জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
আহত হারুন আর রশিদ বলেন, আমি সকাল থেকে স্কুলের  কাজ করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে নাস্তা করার উদ্দেশ্যে অফিস থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন সময় হঠাৎ দুইজন অজ্ঞাত ব্যক্তি এসে আমার নাম জিজ্ঞাসা করে নাম বলার পরপরই আমার ওপর অতর্কিত হামলা চালায়। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র, চাপাতি দিয়ে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমি চিৎকার করে দৌড়াতে থাকলে স্থানীয় লোকজন ও স্কুলের শিক্ষকরা এগিয়ে আসে। পরে পরিস্থিতি বেগতিক দেখে হামলাকারীরা মোটরসাইকেলে চড়ে দ্রুত পালিয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়রা ও স্কুলের শিক্ষকরা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। কারা বা কেন আমার ওপর এ ধরনের হামলা চালিয়েছে, সে বিষয়ে আমি কিছুই জানি না এবং হামলাকারীদের কাউকেই আমি চিনি না।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, আহত অবস্থায় একজনকে ইমারজেন্সিতে নিয়ে আসে। আহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিশেষ করে দুই হাত ও পেটে গুরুতর ক্ষত পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ভুক্তভোগী এ বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। এ ঘটনায় লিখিত অভিযোগ বা মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।