টাকা আত্মসাতের অভিযোগে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে চুয়াডাঙ্গা বিএডিসির শ্রমিকরা, বন্ধ রয়েছে সারগুদাম

স্টাফ রিপোর্টার
শ্রমিক সর্দারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের আন্দোলনে কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)এর সারগুদামের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার সার ডিলাররা চরম ভোগান্তিতে পড়েছেন। গত রবিবার থেকে শুরু হয়েছে এ আন্দোলন গতকাল সোমবারতা অব্যহত ছিলো। সোমবার সকাল সাড়ে আটটার দিকে দ্বিতীয় দফায় আন্দোলন শুরু করেন শ্রমিকরা। খবর পেয়ে  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
আন্দোলনরত শ্রমিক মামুন,খালিফ বলেন, “মঞ্জুর ওরফে ডাসা অস্ত্র নিয়ে গুদামে এসে সর্দারির দায়িত্ব পালন করে। দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আত্মসাৎ করছে।” তবে অভিযোগ অস্বীকার করে মঞ্জুর ওরফে ডাসা বলেন, “আমি নিয়ম মেনেই সর্দারির দায়িত্ব পালন করছি। একটিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।”
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগরে অবস্থিত বিএডিসি সারগুদামে কর্মরত ৩৬ জন শ্রমিক সর্দার মঞ্জুর ওরফে ডাসার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে রবিবার থেকে আন্দোলনে নামেন। শ্রমিকদের দাবি, ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে তার নেতৃত্বে কাজ করার সময় তাদের কাছ থেকে অতিরিক্ত মাসোয়ারা আদায় করা হয়েছে। এছাড়া তার কয়েকজন নিকটাত্মীয় প্রকৃতপক্ষে কাজ না করেও কাগজে-কলমে শ্রমিক দেখিয়ে লেবার বিল উত্তোলনের অভিযোগও করেন তারা। বিভিন্ন নেতার নাম ব্যবহার করে শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগও তোলা হয়। রবিবার সকালে সারগুদাম খোলার পর শ্রমিকদের সঙ্গে মঞ্জুর ওরফে ডাসার কথা-কাটাকাটির একপর্যায়ে বিক্ষোভ শুরু হয়। পরে গতকাল সোমবারও সকাল থেকে শুরু করেছে আন্দোলন।
এ বিষয়ে বিএডিসি চুয়াডাঙ্গার উপসহকারী পরিচালক (সার) শংকর দাশ বলেন, “যথানিয়মেই সার বিতরণ কার্যক্রম চলছিল। আশা করছি দ্রুত স্বাভাবিকভাবে সার বিতরণ শুরু হবে।”
আন্দোলনে অংশ নেয় শ্রমিক, মেহেদী, সুবারেক, হৃদয়, শহিদুল, রাসেল, আলামিন, কুদ্দুস, জলিল, রকিব, তোতা, হোসেন, শাহাবুল প্রমুখ।
প্রসংগত চুয়াডাঙ্গা বিএডিসি গুদাম থেকে দুই শতাধিক ডিলার সার সংগ্রহ করে বিভিন্ন গ্রামগঞ্জে সরবরাহ করে থাকেন। চলমান সংকট সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শ্রমিক ও ডিলাররা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।